বিনোদন ডেস্ক
ঢাকা: আবারও মা হতে চলেছেন বলিউড ফ্যাশনিস্তা সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে স্ফীত উদর বা ‘বেবি বাম্প’ নিয়ে জনসমক্ষে হাজির হয়ে এই সুখবর নিশ্চিত করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন এবং চলতি বছরের বসন্তেই তার ও স্বামী আনন্দ আহুজার ঘরে নতুন অতিথি আসার কথা রয়েছে।
অনুষ্ঠান শেষে ফেরার পথে আলোকচিত্রীরা তাকে ঘিরে ধরলে এবং স্বাস্থ্যের খোঁজ নিলে সোনম হাসিমুখে জানান, ‘আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ।’ গর্ভাবস্থায় সাধারণত তারকারা আড়ালে থাকতে পছন্দ করলেও সোনমের এমন সাবলীল উপস্থিতি ও সৌজন্যবোধ ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে সোনম-আনন্দ দম্পতির প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয়, যার বয়স এখন তিন বছর। বর্তমানে সোনম মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন এবং পরিবারের নতুন সদস্যকে বরণ করে নেওয়ার অপেক্ষায় দিন গুনছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






