বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় লোকসংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমার সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সালমার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই বিচ্ছেদের ঘোষণা দেন। পরবর্তীতে সালমা নিজেও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।
আইনজীবী সানাউল্লাহ নূর সাগর তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে সালমা জানান, তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে গত ২৯ নভেম্বর। তিনি বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই।”
এটি সালমার দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ২০১১ সালে তিনি পারিবারিকভাবে এমপি ও রাজনীতিক শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। সেই সংসার ২০১৬ সালে ভেঙে যায়। এরপর ২০১৮ সালে সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন সালমা। দীর্ঘ সাত বছর পর সেই সংসারও টিকল না। পরপর দুইবার দাম্পত্য জীবনের বিচ্ছেদে ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মুখোমুখি হলেন ক্লোজআপ ওয়ান খ্যাত এই তারকা।
বাংলাফ্লো/এফআইআর






