বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: পবিত্র মাহে রমজানের রহমতের দশকের দ্বিতীয় রোজায় আজ (২০ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে প্রথম জুমা। ইসলামে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমা এবং সর্বশ্রেষ্ঠ মাস রমজান একীভূত হওয়ায় আজকের দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ।
পবিত্র আল-কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে, যেখানে জুমার আজান হলে দ্রুত মসজিদে যাওয়ার এবং বেচাকেনা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, রমজান মাসে ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। হাদিসের বর্ণনা অনুযায়ী, এ মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাই রমজানের জুমার দিনটি মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের এক বিশেষ সুযোগ।
হাদিসের আলোকে জুমার দিন এবং বিশেষ করে রমজানের জুমায় কিছু সুনির্দিষ্ট আমল অত্যন্ত সওয়াবপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
জুমার নামাজের প্রস্তুতি হিসেবে ভালোভাবে গোসল করে পবিত্রতা অর্জন করা এবং মিসওয়াক করা।
সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা এবং পরিষ্কার ও উত্তম পোশাক পরিধান করা।
খুতবা শুরুর আগেই দ্রুত মসজিদে উপস্থিত হওয়া।
মসজিদে প্রবেশের পর অন্যদের কষ্ট দিয়ে বা কাতার ডিঙিয়ে সামনে না যাওয়া এবং যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে পড়া।
নিশ্চুপ থেকে মনোযোগ সহকারে খুতবা শোনা।
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, জুমার দিনে আসরের শেষ সময়ে দোয়া কবুলের বিশেষ একটি মুহূর্ত থাকে; তাই এই সময়ে বেশি বেশি দোয়া ও ইবাদত করা।
বাংলাফ্লো/এফআইআর






