জেলা প্রতিনিধি
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আসামির বাড়ির নারী ও স্থানীয়দের মারধরে টাঙ্গাইল সদর এবং শ্রীপুর থানা-পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার করে এবং হামলায় জড়িত দুই নারীকেও আটক করে। রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করতে শ্রীপুরে যৌথ অভিযান চালায় পুলিশ।
পুলিশ আসামিদের হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলার সময় বাড়ির লোকজন ‘ডাকাত ও ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। এতে বিভ্রান্ত হয়ে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
মারধরের একপর্যায়ে আসামির বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে জখম করেন। এই বিশৃঙ্খলার সুযোগে হ্যান্ডকাফসহ ওই দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহত ছয় পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ মোট চারজনকে (হামলায় জড়িত দুই নারীসহ) গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি আইনি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাফ্লো/এফআইআর



