জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুল মান্নান সম্প্রতি প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরু করেছিলেন।
নিহত আবদুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পথচারীরা সড়কের এক নির্জন স্থানে মান্নানকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, “অন্ধকারে মান্নানের নিথর দেহ পড়ে ছিল। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।”
ওসি আরও জানান, মরদেহের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেলেও, তাঁর মোবাইল ফোনটি পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
বাংলাফ্লো/এফআইআর






