১৫ কেজি ওজনের কোমরবন্ধনী পায়ে পড়ে আহত শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পাওয়ায় তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি।
শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনীমূলক ছবি ‘ঈথা’-এর শুটিংয়ে ব্যস্ত। সিনেমার একটি বিশেষ দৃশ্যে তিনি মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন।
লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তাঁর শরীরে প্রায় ১৫ কেজি বাড়তি ওজন ছিল। দ্রুতগতিতে নাচার সময় তাঁর কোমরে বাঁধা ভারী একটি কোমরবন্ধনী খুলে সজোরে পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।
চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাঁকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






