জেলা প্রতিনিধি
শেরপুর: শেরপুর-৩ আসনের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শেরপুরের জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম জানান, অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে উপস্থিত হন।
পরে বসার সিট নিয়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এই সংঘর্ষে জামায়াতের ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। গুরুতর আহত রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাফ্লো/এফআইআর






