বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমঘরের উদ্দেশে নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। পূর্বে আজই মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে তা আগামীকাল মিছিলসহকারে নেওয়া হবে।
বিমানবন্দর থেকে মরদেহবাহী গাড়িটি হিমঘরের পথে রওনা হয়েছে। সেখানে মরদেহ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন। সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মী ও ছাত্র-জনতাকে কঠোর শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে সহিংসতা করার সুযোগ না পায়।”
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সাধারণের জন্য মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে। সবাইকে দূর থেকে দোয়া করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। তার মৃত্যুর খবরে গতকাল রাতে কারওয়ান বাজারসহ ঢাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
বাংলাফ্লো/এফআইআর






