বিনোদন ডেস্ক
ঢাকা: ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন মেগাস্টার শাকিব খান। এর রেশ কাটতে না কাটতেই শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি। প্রকাশ করা হয়েছে তাঁর আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার, যেখানে শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন ও আকর্ষণীয় এক রূপে দেখা গেছে।
মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব খান তাঁর জন্মদিনে এই ফার্স্ট লুক পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার!”
পোস্টারে শাকিব খানকে একটি কালো পিচঢালা রাস্তার ওপর বসে থাকতে দেখা যায়। কালো স্লিভলেস গেঞ্জি, কালো ডেনিম শর্টস, পায়ে লাল রঙের কনভার্স স্নিকার্স ও সাদা মোজা পরিহিত শাকিব পুরোপুরি রকস্টার লুকে ধরা দিয়েছেন।
চিরাচরিত লুক ভেঙে তাঁর দুই হাত ও পায়ে অনেকগুলো ট্যাটু, চুলে ড্র্যাডলক স্টাইল, গলায় কালো নেকলেস এবং চোখে কালো সানগ্লাস দেখা গেছে, যা তাঁর এই নতুন অবতারকে আরও ফুটিয়ে তুলেছে।
সিনেমাটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলার নাম নিশ্চিত হওয়া গেলেও মূল নায়িকা হিসেবে সাবিলা নূরের থাকার গুঞ্জন রয়েছে। চিত্রনাট্য লিখেছেন ‘কাইজার’, ‘মাইনকার চিপায়’ ও ‘বনলতা এক্সপ্রেস’ খ্যাত আয়মান আসিব স্বাধীন।
‘রকস্টার’ সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন, যারা এর আগে ‘মনপুরা’ ও ‘হাওয়া’র মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ




