বিনোদন ডেস্ক
ঢাকা: সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ সিনেমার পুরো টিম। সে সময়কার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শাকিব খানের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’ বা অস্বস্তিকর স্পর্শের অভিযোগ তুলে বিতর্ক শুরু করেন নেটিজেনরা। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।
ভাইরাল হওয়া ভিডিওতে শাকিব খানকে জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখতে দেখা যায়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে শাকিব খানের সঙ্গে ছবি তুলতে বলা হয়। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কেউ যদি কিছু করতেই চাইত, তাহলে কি সে তিনশটা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।’
শাকিবের আচরণে কোনো অস্বস্তি বোধ করেননি জানিয়ে ওপার বাংলার এই অভিনেত্রী বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক। আমি কি বাচ্চা? আমাকে ব্যাড টাচ করবে আর আমি প্রতিবাদ করব না?’ সহশিল্পী হিসেবে শাকিব খানের প্রশংসাও করেন জ্যোতির্ময়ী। তিনি জানান, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব তাকে যেভাবে সমর্থন করেছেন তা ভোলার নয় এবং একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে এমন অতিরঞ্জিত বিতর্ক সত্যিই দুঃখজনক।
বাংলাফ্লো/এম এইচ এইচ






