ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বলে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স অধিনায়ক আসরের দ্বিতীয় সেমিফাইনালে ২ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট। ব্যাটে প্রথম বলে চার মেরে পরের বলে আউট হন তিনি।
সাকিবের দল ২৪ রানের জয় তুলেছে ভ্যাঙ্কুভার কিংসের বিপক্ষে। মন্ট্রিয়াল টসে জিতে ব্যাটিংয়ে গেলে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১০০ রান তোলে। জবাবে ৭ উইকেট হারিয়ে ভ্যাঙ্কুভার ৭৬ রান তুলতে সক্ষম হয়।
মন্ট্রিয়ালের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেন নিক হবসন। তার অপরাজিত ৫০ রানের ইনিংসটি ২৩ বলে খেলা। সাজানো চারটি করে চার ও ছক্কায়। ওপেনার জশ ব্রাউন খেলেন ১০ বলে ২৬ রানের ইনিংস।
সাকিবসহ বাকিরা ছিলেন আসা যাওয়ার ভিড়ে। কেউই পেরোতে পারেনি দুঅঙ্কের কোটা। ম্যাচসেরার পুরস্কার পান নিক হবসন।
ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ ব্র্যাম্পটন বিটজ। আরেক সেমিফাইনালে মিশিশৌগা মাস্টার্সকে হাইস্কোরিং ম্যাচে ৯ উইকেটে হারায় ব্র্যাম্পটন।


