বিনোদন ডেস্ক
ঢাকা: সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জমকালো ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান এবং জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের উপস্থিতি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনুষ্ঠানের একটি ভিডিও এবং পরবর্তী সময়ে ছড়িয়ে পড়া একটি কথিত স্ক্রিনশটকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে দেখা যায় মঞ্চে শাহরুখ খান বক্তব্য দিচ্ছেন এবং দর্শকসারিতে বসে হান্দে এরচেল ফোনে ভিডিও করছেন। শাহরুখ ভক্তরা প্রথমে ভেবেছিলেন, তুর্কি সুন্দরীও বুঝি ‘কিং খান’-এর জাদুতে মুগ্ধ। কিন্তু এরপরই হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি কথিত স্ক্রিনশট ভাইরাল হয়, যা মুহূর্তেই উত্তপ্ত করে তোলে পরিস্থিতি।
ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যায়, হান্দে লিখেছেন, ‘এই কাকুটা কে? আমি তো আসলে আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি তার (শাহরুখের) ভক্ত নই। দয়া করে ভুল খবর ছড়ানো বন্ধ করুন।’ শাহরুখকে ‘কাকু’ সম্বোধন এবং না চেনার ভান করায় ক্ষোভে ফেটে পড়েন বাদশাহর অনুরাগীরা।
তবে অনুসন্ধানে দেখা গেছে, হান্দের ভেরিফায়েড প্রোফাইলে এমন কোনো স্টোরি নেই। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, এটি সম্পূর্ণ ভুয়া এবং এআই বা ফটোশপের কারসাজি। শাহরুখ খানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বা দুই তারকার ভক্তদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া স্ক্রিনশট ছড়িয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






