বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন ছবির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার। তারা জানিয়েছেন, এই সিনেমায় শাহরুখ এমন কিছু করতে যাচ্ছেন, যা দর্শকদের সাধারণ ধারণার সম্পূর্ণ বাইরে। বিশেষ করে গানে শাহরুখের ‘লিপ-সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর ধরনে অভিনবত্ব দেখা যাবে, যা এর আগে কোনো সিনেমায় দেখা যায়নি। ‘পাঠান’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শচীন-জিগারের মতে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। তার লুক থেকে শুরু করে চরিত্রের ধরন—সবকিছুতেই থাকবে বড় পরিবর্তনের ছাপ।
এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন মেয়ে সুহানা খান। ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ আততায়ী এবং সুহানা তার শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন।
শাহরুখ ও সুহানা ছাড়াও এই মেগা প্রজেক্টে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি ও আরশাদ ওয়ার্সির মতো একঝাঁক তারকা।
সিনেমাটির গানগুলোর সুর করেছেন শচীন-জিগার এবং আবহ সংগীতের (বিজিএম) দায়িত্বে রয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র।
বাংলাফ্লো/এম এইচ এইচ




