স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেও বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান ইসলাম। তবে সেই আক্ষেপ ঘুচলো অবশেষে। ব্যাটিং শক্তি বাড়াতে বিপিএলের বাকি অংশের জন্য বাঁহাতি এই ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।
২০২০ সালের পর এবারই প্রথম বিপিএল মাতাতে দেখা যাবে সাদমানকে। এর আগে তিনি ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছেন। ড্রাফটে অবিক্রিত থাকলেও সাম্প্রতিক ঘরোয়া টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এনসিএল টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৫১.১৮ স্ট্রাইক রেটে ১৯২ রান করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে নিলো চট্টগ্রাম।
সাদমানের পাশাপাশি দলের শক্তি বাড়াতে তিন পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। তারা হলেন—হার্ডহিটার আসিফ আলী, অলরাউন্ডার আমের জামাল ও তরুণ হাসান নওয়াজ। হাসান নওয়াজ ছাড়া বাকি দুজনের বিপিএল খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বেগ, আসিফ আলী, হাসান নওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর ও সাদমান ইসলাম।
বাংলাফ্লো/এফআইআর






