বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন ভাসছিল শোবিজ পাড়ায়। বিশেষ করে ‘শাহেনশাহ’ সিনেমায় জুটি বাঁধার পর বিজ্ঞাপন ও বিভিন্ন স্টেজ শোতে তাদের যৌথ উপস্থিতি এই গুঞ্জনের ডালপালা মেলে। অবশেষে সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাত ফারিয়া। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে যা ছিল, তা নিতান্তই চমৎকার একটি পেশাদার সম্পর্ক। কাজের বাইরে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো ঘনিষ্ঠতা ছিল না বলে দাবি করেন এই অভিনেত্রী।
‘শাহেনশাহ’ সিনেমার পর দর্শকপ্রিয় এই জুটিকে আর বড় পর্দায় দেখা যায়নি কেন—এমন প্রশ্নের জবাবে ফারিয়া কিছুটা ধোঁয়াশা রেখে বলেন, এর সঠিক কারণ তার নিজেরও জানা নেই। তিনি জানান, বিষয়টি নিয়ে শাকিব খানের সঙ্গেও তার কথা হয়েছিল এবং শাকিবও পুনরায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বর্তমানে শাকিব খান নতুন নায়িকাদের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে ফারিয়া বলেন, সঠিক সময় এবং ভালো গল্প পেলে হয়তো ভবিষ্যতে আবারও তাদের এক ফ্রেমে দেখা যেতে পারে। আপাতত সেই সঠিক সময়ের অপেক্ষাতেই থাকতে হচ্ছে ভক্তদের।
বাংলাফ্লো/এম এইচ এইচ






