আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবে আজ বুধবার (১৮ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা না যাওয়ার কারণে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এবং দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের কোনো প্রান্ত থেকেই নতুন চাঁদ দেখার খবর না আসায় ইসলামি ঐতিহ্য অনুযায়ী ৩০টি রোজা পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দিয়েছিল। সৌদি শ্রম আইন অনুযায়ী, আজ বুধবার রাত থেকেই এই ছুটি শুরু হচ্ছে এবং তা আগামী চার দিন পর্যন্ত চলবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, আগেভাগে এই ছুটির ঘোষণা দেওয়ার ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি গুছিয়ে নিতে পেরেছে। এতে করে জরুরি খাতের কার্যক্রম সচল রেখেও কর্মীরা সুন্দরভাবে ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন।
বাংলাফ্লো/এফআইআর



