বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাঙালির ঐতিহ্যকে গায়ে জড়িয়ে এক ভিন্ন আমেজে বড়দিন উদযাপন করলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিনের উৎসবে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক টাঙ্গাইলের তাঁতের শাড়ি। ঢাকার ব্রিটিশ হাই কমিশন এক বার্তায় জানিয়েছে, হাই কমিশনার ‘সত্যিকারের বাংলাদেশি স্টাইলে’ এই দিনটি উদযাপন করছেন।
সারাহ কুকের পরনে ছিল ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি। সম্প্রতি এই শাড়ি ইউনেস্কো (UNESCO) কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। হাই কমিশনারের এই দেশীয় সাজ কেবল উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রতি তার সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ‘বাঙালি লুক’ নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
বড়দিন উপলক্ষ্যে ঢাকার কূটনৈতিক পাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্রিটিশ হাই কমিশন ছাড়াও ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারত ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মিশনগুলো বাংলাদেশের জনগণকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে। সব ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিয়েছে ঢাকার বিদেশি দূতাবাসগুলো।
বাংলাফ্লো/এফআইআর






