বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাহরাইনে এক ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় মো. তারেক (৪৮) নামের ওই রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। তাঁর বাড়ি সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকায়।
নিহত তারেক পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। সর্বশেষ দেড় বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে যান।
তাঁর মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক এবং নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






