বিনোদন ডেস্ক
ঢাকা: ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎ অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। সাবলীল অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি লিখেছেন, ‘‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’’
তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, এটি কোনো স্থায়ী বিদায় নয়। তিনি বলেন, ‘‘এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।’’
হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও, ভক্তরা মন্তব্যের ঘরে তাকে মানসিক প্রশান্তির জন্য এই সময়টুকু উপভোগ করার পরামর্শ দিচ্ছেন এবং দ্রুত পর্দায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ





