আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর চালানো এই হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, ওডেসার তিনটি প্রধান বন্দরের অন্যতম ‘পিভদেন্নি’ বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওলেক্সিয়ে কুলেবা বলেন, “ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান এবং আহত হন আরও ১৫ জন।”
ওডেসা ইউক্রেনের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত। এখানকার তিনটি বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্ববাজারে ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই এই অঞ্চলটি রুশ বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।
সাম্প্রতিক সময়ে ওডেসায় হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এর আগে গত বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। সেতুটি ধ্বংসের ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়া ক্রসিংয়ের সঙ্গে ওডেসার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর একদিন পরই সরাসরি বন্দরে এই হামলা ইউক্রেনের রপ্তানি বাণিজ্যের ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






