এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ব্লকবাস্টার সিনেমা ‘রাউডি রাঠোর’ এবং তাঁর আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ আজও দর্শকদের মনে গেঁথে আছে। দীর্ঘদিন পর সেই ছবির সিক্যুয়েল আসার গুঞ্জন জোরালো হচ্ছে। তবে বড় চমক হলো, ‘রাউডি রাঠোর ২’-এ থাকছেন না ‘খিলাড়ি’ কুমার। তাঁর জায়গায় নতুন কোনো ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে খুঁজছেন নির্মাতারা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিক্যুয়েলটি প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। বনশালি এবং শাবিনা খান বিগত তিন বছর ধরে ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ছবিটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান এবং ২০২৬ সালের শুরুতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রথমে এই চরিত্রে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও, তিনি এই ছবিতে অভিনয় করছেন না। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় অভিনেতার শূন্যস্থান পূরণের জন্য, তাঁরা নতুন কোনো ‘প্যান-ইন্ডিয়া স্টার’-কে নেওয়ার পরিকল্পনা করছেন, যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ‘রাউডি রাঠোর’ ছবিটি ছিল এস এস রাজামৌলির ২০০৬ সালের তামিল ছবি ‘বিক্রমারকুডু’-এর হিন্দি রিমেক। সেই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অক্ষয় কুমার এবং তাঁর বিপরীতে ছিলেন সোনাক্ষী সিনহা।
বাংলাফ্লো/এফআইআর






