বিনোদন ডেস্ক
ঢাকা: দক্ষিণী সিনেমার মেগাস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই বিতর্কের ঝড়ে পড়েছে। সম্প্রতি ছবিটির একটি ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি এক নারীর সঙ্গে যশের অতিঘনিষ্ঠ দৃশ্য দেখা যায়, যা নিয়ে দ্বিধাবিভক্ত দর্শক ও সমালোচকরা।
প্রকাশিত ঝলকে দেখা গেছে, চারদিকে গোলাগুলি আর রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতি। এর মাঝেই একটি খ্রিস্টান গোরস্থানে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মগ্ন যশ। সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছেন, এমন সহিংস পরিস্থিতির মধ্যে যৌনদৃশ্য ব্যবহারের যৌক্তিকতা কী? অনেকে একে দর্শক টানার ‘সস্তা কৌশল’ এবং ‘নারীবিদ্বেষী’ মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন। এমনকি দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে নেটপাড়ায়।
এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে যশেরই একটি পুরোনো সাক্ষাৎকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমি এমন কোনো দৃশ্যে কখনোই অভিনয় করব না, যা আমি আমার বাবা-মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’ সেই মন্তব্যের সঙ্গে বর্তমান টিজারের মিল না থাকায় নেটিজেনদের একাংশ তাকে ‘দ্বিমুখী’ বলে কটাক্ষ করছেন।
তবে যশের ভক্তরা প্রিয় তারকার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাদের যুক্তি, সময়ের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বে পরিবর্তন আসে, তাই অভিনেতার এই বিবর্তন স্বাভাবিক। এছাড়া পুরো সিনেমা না দেখে কেবল একটি দৃশ্য দিয়ে বিচার করা অনুচিত বলেও মনে করছেন তারা। তারকাখচিত এই সিনেমায় যশের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এছাড়াও থাকছেন কিয়ারা আডবাণী, নয়নতারা, রুক্মিণী মৈত্র, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ধারণা করা হচ্ছে, সিনেমাটি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’-এর রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে।
বাংলাফ্লো/এফআইআর






