জেলা প্রতিনিধি
বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম। ফলাফলে ধানের শীষ প্রতীকে বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা মার্কায় পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জানান, সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ১টি পোস্টাল ব্যালটসহ মোট ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৩২৬টি, যার হার ৪২.৫৮ শতাংশ। বাতিল হয়েছে ১ হাজার ৭১০টি ভোট। নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) মাত্র ৫২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়লেও তা আগের নির্বাচনের তুলনায় কম ছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি বগুড়ার আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন সেটি শূন্য ঘোষণা করে এবং বৃহস্পতিবার সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাফ্লো/এফআইআর






