বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৭ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৮৫৮ এবং নারী ভোটার ১৮ হাজার ১৪৯ জন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানিয়েছে, অ্যাপে সফলভাবে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। ভোটাররা ভোট প্রদান করে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মিসর, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
ইসি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কমিশন।
বাংলাফ্লো/এফআইআর






