বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের ৪৪টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, প্রচণ্ড শীতের কারণে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ পুরো রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
কুয়াশার দাপট সম্পর্কে আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে দিনের বেলায়ও সূর্যের দেখা মেলা ভার হতে পারে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারও আবহাওয়ার এই পরিস্থিতি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রবিবার (১১ জানুয়ারি) নাগাদ শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। বরং এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষ করে নদী অববাহিকাগুলোতে ঘন কুয়াশার প্রকোপ বেশি থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
বাংলাফ্লো/এফআইআর






