বিনোদন ডেস্ক
ঢাকা: একদিকে নতুন গান নিয়ে তীব্র বিতর্ক ও আইনি জটিলতা, অন্যদিকে জীবনের নতুন ইনিংস—জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশাকে নিয়ে এখন নেট দুনিয়ায় তুমুল চর্চা। সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ও পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের মালাবদলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
অগ্নিসাক্ষী রেখে প্রথা মেনে মালাবদল করছেন বাদশা ও ঈশা—এমন ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বাদশা নিজে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ঈশার মা পুনম রিকির পোস্ট করা একগুচ্ছ ছবি এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি মুক্তি পাওয়া বাদশার ‘টটীরী’ গানটিতে নারীদের সম্মানহানি করা হয়েছে—এমন অভিযোগে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছে। এই আইনি ঝামেলার মাঝেই অনেকটা গোপনে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
বাদশার চেয়ে বয়সে আট বছরের ছোট ৩২ বছর বয়সি ঈশা পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ দিয়ে ক্যারিয়ার শুরু করা ঈশা ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ২০২১ সাল থেকেই বাদশার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা শুরু।
২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ঈশার সঙ্গে বাদশার প্রেমের গুঞ্জন ছিল। বাদশার প্রথম স্ত্রী ছিলেন ভিনদেশি নাগরিক। প্রথম পক্ষের সংসারে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে, যে বর্তমানে মায়ের সঙ্গে লন্ডনে থাকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ



