বিনোদন ডেস্ক
ঢাকা: বিলাসিতা আর আকাশচুম্বী জনপ্রিয়তার জন্য পরিচিত বলিউডের ‘ব্যাড বয়’ খ্যাত র্যাপার বাদশাহ। কিন্তু এবার শখের বশে কেনা একটি বিলাসবহুল গাড়ি নিয়ে নিজেই কপাল চাপড়াচ্ছেন তিনি। মাত্র ১৫ মিনিটের উত্তেজনা মেটাতে সাড়ে ১২ কোটি টাকা খরচ করে এখন আক্ষেপে পুড়ছেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশাহ জানান, মাসখানেক আগে হুট করেই তিনি কিনে ফেলেন ‘রোলস রয়েস কুলিনান সিরিজ ২’ মডেলের একটি গাড়ি। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা। এই গাড়ি কেনার মাধ্যমে তিনি মুকেশ আম্বানি, শাহরুখ খান ও অজয় দেবগনের মতো অভিজাত ক্লাবে নাম লেখালেও, মনের শান্তি পাননি।
গাড়িটি কেনার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বাদশাহ বলেন, ‘ওটা ছিল একেবারেই একটা হঠকারী সিদ্ধান্ত। মনে হলো আজই কিনতে হবে, তাই বেরিয়ে পড়লাম। কেনার পর মুহূর্ত কয়েকের জন্য নিজেকে রাজা মনে হচ্ছিল। কিন্তু মালিক হওয়ার ঠিক ১৫ মিনিটের মাথায় সব উত্তেজনা থেমে গেল।’
এত বিপুল অর্থ ব্যয়ের পর বাদশাহর মনে এখন শুধুই শূন্যতা। তিনি বলেন, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন পরবর্তী লক্ষ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সেই শূন্যতা থেকেই মূলত আক্ষেপের শুরু।’ দামি জুতো বা পোশাকের প্রতি দুর্বলতা থাকলেও গাড়ি কেনার এই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা অকপটে স্বীকার করেছেন তিনি।বাংলাফ্লো/এফআইআর






