বিনোদন ডেস্ক
ঢাকা: ক্যারিয়ারের শুরুর দিকে ভয়াবহ ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা। তিনি জানিয়েছেন, বলিউডে নবাগত থাকার সময়ে এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।
রণবীর জানান, কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। ওই ব্যক্তি তাঁকে বলেছিলেন যে শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণ থাকাও জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই প্রভাবশালী ব্যক্তি রণবীরের শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং অন্তত একবার স্পর্শ করার বা দেখার অনুমতি চান।
রণবীর তাৎক্ষণিকভাবে সেই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জানান, ওই ব্যক্তির এমন আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাঁকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করেছিলেন।
রণবীরের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি আরও একজন উদীয়মান অভিনেতার সঙ্গেও হুবহু একই কাজ করেছিলেন। তবে নিজের নিরাপত্তার খাতিরে সেই প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হননি বলিউডের অন্যতম সফল এই তারকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ



