স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম পদ্ধতির প্রত্যাবর্তনের দিনে নাটকীয়তার কমতি ছিল না। সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখ চট্টগ্রাম রয়্যালসে গেলেও, অন্যতম বড় চমক ছিল জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বিক্রি। ‘এ’ ক্যাটাগরির এই ক্রিকেটারকে ৭৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
লিটনের মতো তারকা ক্রিকেটারকে এই দামে পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নিলাম শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, “লিটনকে ৭৫ লাখে পাব এটা আশা করিনি। টি-টোয়েন্টিতে টপ অর্ডারের অনেক দায়িত্ব থাকে। লিটনকে ৭০-৭৫ লাখে পাওয়াটা বাড়তি পাওয়া।”
সোহান মনে করেন, লিটনের বর্তমান ফর্ম রংপুরকে আরও এগিয়ে নেবে। তিনি বলেন, “লিটন এখন যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ওর হাত ধরে রংপুর আরও এগিয়ে যাবে।” তাওহীদ হৃদয়কে ৯২ লাখ টাকায় কেনার কথাও উল্লেখ করে সোহান জানান, তাঁদের টপ অর্ডার এখন অনেক শক্তিশালী।
সোহান জানান, বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার অনিশ্চয়তার কারণে এবার তাঁরা দেশি খেলোয়াড়দের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমরা চেয়েছি সাত-আটজন স্থানীয় খেলোয়াড় মাঠে নামবে, যারা জাতীয় দল-ধাঁচেরই থাকে। স্থানীয়দের ওপর গুরুত্ব দিয়েই আমরা সবচেয়ে ভালো দলটা গড়ার চেষ্টা করেছি।”
নিলাম থেকে দলের সেরা বা মূল্যবান খেলোয়াড় কে— এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, “দলে ১৪ বা ১৫ জন যেই থাকুক না কেন, প্রতিটি খেলোয়াড়ই আমার কাছে সমান মূল্যবান। দল হিসেবে খেলতে গেলে প্রতিটি খেলোয়াড়কেই সমানভাবে মূল্যায়ন করা উচিত।”
বাংলাফ্লো/এফআইআর






