হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কন্নড় অভিনেতা রাজু তালিকোট। সোমবার (১৩ অক্টোবর) বেঙ্গালুরুর উদুপিতে একটি সিনেমার শুটিংয়ে তার মৃত্যু হয়। অভিনেতার বয়স হয়েছিল ৫৯ বছর।
জানা গেছে, সোমবার উদুপি জেলায় শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন রাজু। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার আসল নাম ছিল রাজেসাব মকতুমসাব ইয়াঙ্কাঞ্চি। রাজু তালিকোট মঞ্চ ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।
তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই হৃদ্রোগে ভুগছিলেন অভিনেতা। এর আগেও কয়েকবার অসুস্থ হয়েছেন, তবে এবার আর অভিনেতাকে বাঁচানো যায়নি।
অভিনেতার মৃত্যুতে কর্ণাটক উপমন্ত্রী ডি কে শিবকুমার শোক প্রকাশ করে বলেন, ‘প্রখ্যাত থিয়েটার অভিনেতা, কমেডিয়ান রাজু তালিকোটের মৃত্যু হৃদয়বিদারক। তিনি অনেক কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর প্রয়াণ কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য এক বড় ক্ষতি।’
রাজু ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় শুরু করেন। তবে মা-বাবার মৃত্যুর কারণে চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি। তিনি বিভিন্ন হোটেলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করেন। পরে ফিরে আসেন নাট্যজগতে।
রাজু তালিকোটের প্রথম চলচ্চিত্র ছিল ‘হেন্দাথি আন্দারে হেন্দাথি’। পরে তিনি অভিনয় করেন ‘মানসারে’, ‘পঞ্চরঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তেনে’, ‘আলেমারি’, ‘মাইনা’, ‘টোপিওয়ালা’, ‘পাঞ্জাবি হাউস’সহ অন্যান্য ছবিতে। এ ছাড়াও ‘বিগ বস’-এ কন্নড় সংস্কারের সপ্তম মৌসুমে অংশ নেন তিনি।- বলিউড লাইফ


