বিনোদন ডেস্ক
ঢাকা: শোবিজ পাড়ায় দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে চার হাত এক হবে এই তারকা জুটির।
গত কয়েক বছর ধরেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে শোবিজে ছিল নানা আলোচনা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় তাদের রসায়ন দেখে ভক্তরা অনেক আগেই আন্দাজ করেছিলেন তাদের প্রেমের বিষয়টি। যদিও গণমাধ্যমে তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দিয়ে এসেছেন। অবশেষে সেই বন্ধুত্ব ও গোপন প্রেম পরিণয়ে গড়াচ্ছে।
পারিবারিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, মিডিয়ার কোলাহল থেকে দূরে, বেশ গোপনেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলেছে এই পরিকল্পনা। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রাফসান সাবাব তার উপস্থাপনা দিয়ে তরুণ প্রজন্মের কাছে যেমন জনপ্রিয়, তেমনি জেফার রহমান তার গায়কী ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত। ভক্তরা এই জুটির নতুন পথচলাকে ইতিবাচকভাবেই গ্রহণ করছেন।
বাংলাফ্লো/এফআইআর






