জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল মোতালেব নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গম ওই পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবদুল মোতালেব বিজিবি থেকে প্রেষণে (ডেপুটেশন) র্যাবে কর্মরত ছিলেন। হামলায় র্যাবের আরও ৪ সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, সোমবার বিকেলে র্যাব-৭ এর একটি দল আসামি গ্রেপ্তারে জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্য ও তাদের সোর্সকে ঘিরে ফেলে জিম্মি করে এবং বেদম প্রহার করে। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মোতালেবের মৃত্যু হয়।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। প্রায় ৩০ হাজার কোটি টাকার সরকারি খাস জমি দখল করে সেখানে অবৈধ রাজত্ব কায়েম করেছে দুর্বৃত্তরা। এর আগেও সেখানে অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিকরা একাধিকবার হামলার শিকার হয়েছেন। হামলার পর বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






