শিক্ষা ডেস্ক
ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। গত বুধবার (১৮ মার্চ) বিদায়ি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।
ইউজিসির শীর্ষ পদে যোগদানের আগে তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করা এই অধ্যাপকের দেশি-বিদেশি জার্নালে ৫৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার মূল বিষয় ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি।
দুই দশকেরও বেশি ক্লিনিক্যাল অভিজ্ঞতাসম্পন্ন ড. মামুন আহমেদ কোভিড-১৯ মহামারির সূচনালগ্ন থেকেই দেশে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং তিন মেয়াদে সিনেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাফ্লো/এফআইআর



