আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) ছড়িয়ে পড়া গুজবের জবাবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইমরান খান কারাগারেই আছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ।
বিবৃতিতে বলা হয়েছে, “আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।”
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে, যা একজন সাধারণ বন্দির কল্পনারও বাইরে। তিনি বলেন, “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই।”
খাজা আসিফ আরও জানান, ইমরান খানের সেলে টেলিভিশন রয়েছে, যেখানে তিনি নিজের ইচ্ছামতো চ্যানেল দেখতে পারেন। এ ছাড়া, ব্যায়ামের যন্ত্রাংশ এবং ঘুমানোর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতা হারানো ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সেনা সদর দপ্তরে হামলা এবং রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগ রয়েছে।বাংলাফ্লো/এফআইআর






