বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে দপ্তরে উপস্থিতি নিশ্চিতে হঠাৎ ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে তিনি আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন এবং কর্মীদের উপস্থিতির বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।
এদিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান। এরপর তিনি সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে সোজা পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান।
৬ নম্বর ভবনে গিয়ে প্রধানমন্ত্রী জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
এরপর সরকারপ্রধান ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরেও যান।
প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন দপ্তর পরিদর্শনের পর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ‘কৃষক কার্ড’-এর ডেমো প্রদর্শন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
বাংলাফ্লো/এফআইআর



