বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দীর্ঘ ৩৫ বছর পর দেশের কোনো নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই জামাতে তাঁর এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদের পর এই প্রথম কোনো নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এর মাঝে ফখরুদ্দীন আহমদ ও ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নিলেও নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০ সালের পর তারেক রহমানই প্রথম এখানে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। জামাতে রাষ্ট্রপতির পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য ও রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে শুক্র বা শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে এই প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লি এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা নামাজের স্থান ও ওজুর সুব্যবস্থা রাখা হয়েছে।
ভিভিআইপিদের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি ঈদগাহের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা কী হবে, তা ঢাকা বিভাগীয় কমিশনারের বৈঠকের পর জানানো হবে।
বাংলাফ্লো/এফআইআর




