শিক্ষা ডেস্ক
ঢাকা: বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি (স্বচ্ছলতা) প্রমাণে সহায়তা হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনার বিস্তারিত:
শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণ: কোরিয়া, জাপান, চীন, জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি বা গ্যারান্টি সাপোর্ট হিসেবে এই ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে।
ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক: প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’ থেকেই ডেডিকেটেডভাবে শিক্ষার্থীদের এই ঋণ সুবিধা প্রদান করা হবে।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার পরিস্থিতি: বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের বৃহৎ শ্রমবাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণের কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের চাহিদা কমার বদলে বরং আরও বৃদ্ধি পেতে পারে।
ভাষা শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর জোর: বিদেশে গিয়ে প্রবাসী কর্মীরা কেবল সেই দেশের ভাষা না জানার কারণে অনেক সময় কম বেতনের চাকরি করতে বাধ্য হন। তাই তৃতীয় ভাষা (থার্ড ল্যাঙ্গুয়েজ) শেখার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যাতে কর্মীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে আরও ভালো বেতনের চাকরি নিশ্চিত করতে পারেন।
বাংলাফ্লো/এফআইআর





