জেলা প্রতিনিধি
পাবনা: চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তিনি এই জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।
গোরস্থানে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। এরপর পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন তিনি।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে গোরস্থান এলাকাসহ পুরো পাবনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আগে থেকেই পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করে সতর্ক অবস্থানে ছিল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জিয়ারত শেষে রাষ্ট্রপতি উপস্থিত সবার ও স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন। দেশের গুরুত্বপূর্ণ এই পদে আসীন নিজ এলাকার সন্তানকে একনজর দেখতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
জিয়ারত শেষে পাবনা সার্কিট হাউসে ফিরে যান রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।
এর আগে শনিবার (২৮ মার্চ) চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি এবং সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। তাঁর এই সফর ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বাংলাফ্লো/এফআইআর






