স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল পর্তুগাল। ১৯৮৯ সালে যুব বিশ্বকাপে তৃতীয় হওয়াই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু এবার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ বাজিমাত করল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল পর্তুগিজরা।
গতকাল (বৃহস্পতিবার) দোহায় অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে পর্তুগাল। ৪৮ দলের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা।
ম্যাচের ৩২তম মিনিটে জয়সূচক গোলটি আসে। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল অফসাইডের ফাঁদ এড়িয়ে গোলমুখে পাস পান এবং ঠান্ডা মাথায় বল জালে জড়ান। এটি ছিল টুর্নামেন্টে তাঁর সপ্তম গোল।
পুরো ম্যাচজুড়েই পর্তুগালের দাপট ছিল স্পষ্ট। ৫৮ শতাংশ বল দখলে রেখে তারা ১০টি শট নেয়, যার ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়। ম্যাচটিতে ফাউলের ছড়াছড়ি ছিল, দুই দল মিলে মোট ৪৩টি ফাউল করেছে।
দিনের অপর ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ইতালি পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে। ইতালির গোলকিপার আলেসান্দ্রো লংগোনি দুটি পেনাল্টি সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
বাংলাফ্লো/এফআইআর






