বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত এসব ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—দুটি পিভিসি ব্যানার, তিনটি মোবাইল ফোন, দুটি লোহার তৈরি ধারালো দা, দুটি হাতুড়ি, দুটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।
বাংলাফ্লো/এফআইআর






