বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অভিযোগ করেছে যে, সদ্য প্রস্তাবিত ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ জুলাই সনদের মৌলিক আকাঙ্ক্ষা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত করেছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই অধ্যাদেশকে পুলিশ সংস্কারের নামে আমলাতন্ত্র ও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার একটি কৌশল হিসেবে অভিহিত করেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, অধ্যাদেশে পুলিশ কমিশনকে কেবল একটি ‘সংবিধিবদ্ধ সংস্থা’ হিসেবে উল্লেখ করা হয়েছে; কোথাও ‘স্বাধীন’ বা ‘নিরপেক্ষ’ শব্দ ব্যবহার করা হয়নি। এটি অসাবধানতাবশত নয়, বরং সচেতনভাবে কমিশনকে সরকারের নিয়ন্ত্রণে রাখার একটি নীল নকশা। তার মতে, এই অধ্যাদেশের মাধ্যমে গঠিত কমিশন স্বাধীন নজরদারি সংস্থা না হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ ও আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে, যা স্বার্থের সংঘাত তৈরি করবে।
অধ্যাদেশের গঠন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে টিআইবি প্রধান বলেন, কমিশনের ‘সদস্য সচিব’ হিসেবে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে (গ্রেড-১) নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে, যা আন্তর্জাতিক অভিজ্ঞতায় নজিরবিহীন এবং বিপজ্জনক। এটি কমিশনের চেয়ারপার্সন ও অন্য সদস্যদের ক্ষমতা খর্ব করবে। এছাড়া, প্রথম তিন বছর সরকার ইচ্ছামতো সংখ্যক কর্মকর্তাকে কমিশনে প্রেষণে নিয়োগ দিতে পারবে, যা কমিশনের নিরপেক্ষতাকে শুরুতেই প্রশ্নবিদ্ধ করে।
বাংলাফ্লো/এফআইআর






