বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি দেশবাসীকে সম্মিলিতভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
বাণীতে প্রধানমন্ত্রী দেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার মূল লক্ষ্য—এ কথা স্মরণ করিয়ে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার এবং একটি মর্যাদাশীল রাষ্ট্র গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাফ্লো/এফআইআর



