বিনোদন ডেস্ক
ঢাকা: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ নেতার এভাবে সাধারণ দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়।
শুরুতে স্টার সিনেপ্লেক্সের একটি সূত্রের বরাতে গুঞ্জন ছড়ায় যে, প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত বাংলা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গিয়েছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সিনেমার বেশকিছু টিকিট সংগ্রহ করা হয়েছিল বলেই এমন গুঞ্জন ছড়ায়। তবে এই তথ্য নাকচ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন যে, বাংলা সিনেমা নয়, বরং হলিউডের সায়েন্স ফিকশন ছবি ‘প্রোজেক্ট হেল মেরি’ (Project Hail Mary) উপভোগ করেছেন তারা।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে সিনেমাটির প্রদর্শনী শেষ হয়। ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখতে যান। এদিকে সাধারণ দর্শকরাও দেশের শীর্ষ নেতার এভাবে সশরীরে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখায় বেশ উচ্ছ্বসিত। তাদের মতে, প্রধানমন্ত্রীর সশরীরে টিকিট কেটে সিনেমা দেখার এই ঘটনা চলচ্চিত্র শিল্পকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






