বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে দেশব্যাপী বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী ১৪ মার্চ শনিবার থেকে সারা দেশে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং প্রতি সপ্তাহে তা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় সংসদের সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় এবং বসতবাড়ির আশপাশে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ডেঙ্গুর প্রকোপ এখন আর কেবল জুন-অক্টোবরের বর্ষা মৌসুমে সীমাবদ্ধ নেই। এটি সারা বছরের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে, তাই আমাদের সামান্য সচেতনতাই পারে এই রোগ থেকে রক্ষা করতে।
জমে থাকা পরিষ্কার পানিতে মাত্র তিন দিনেই এডিস মশা জন্মায়। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ বা কার্নিশে যেন কোনোভাবেই পানি না জমে, সেদিকে কড়া নজর রাখতে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার চারপাশ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করতে দেশবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর



