বিনোদন ডেস্ক
ঢাকা: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। সারাদেশের মতো শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন বিজয়ের উল্লাসে। তবে কেবল উৎসব বা সাজপোশাকেই সীমাবদ্ধ থাকেননি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। লাল-সবুজের সাজে নিজের ছবি পোস্ট করার পাশাপাশি বিজয়ের এক ভিন্ন ও গভীর দর্শন ভক্তদের সামনে তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন পিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এক আবেগঘন বার্তা। পতাকার রঙের মাহাত্ম্য তুলে ধরে তিনি লিখেন, “এই লাল সবুজ শুধু রঙ নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।”
বিজয়ের সংজ্ঞা দিতে গিয়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে পিয়া লিখেছেন, বিজয় মানেই আস্ফালন বা বড়াই করা নয়। তার মতে, “বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।” দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সবশেষে লিখেন, “শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।”
পিয়ার এই বিনম্র ও শ্রদ্ধাশীল বার্তাটি নেটিজেনদের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






