রাজধানীর ফার্মগেট এলাকায় রোববার (২৬ অক্টোবর) মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছে। এতে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের বাড়ি শরীয়তপুর।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কখন পুনরায় চালু হবে তা এখনও ঠিক হয়নি।
এক মাস আগে আগারগাঁও-মতিঝিল রুটে একই ধরনের ঘটনায় ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় মেট্রোরেলের আরেকটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়।
প্রসঙ্গত, মেট্রোরেলের উড়াল পথের পিলারের সঙ্গে থাকা এসব রাবারের বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো উড়াল পথের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিয়ারিং প্যাড খুলে পড়লে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে বলে ডিএমটিসিএল জানিয়েছে।


