গাজায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটাতে মিশরে ঐতিহাসিক শান্তিচুক্তি সই হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মিশরের উপকূলীয় শহর শারম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চুক্তিতে আরও স্বাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়াও প্রায় ৩৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সম্মেলনে অংশ নেন।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলাম। এটি এমন এক শান্তিচুক্তি, যা নতুন ভোর এনে দেবে।
যদিও চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এই চুক্তি টিকে থাকবে।


