বিনোদন ডেস্ক
ঢাকা: জাদু সম্রাট পিসি সরকারের মেজ মেয়ে ও টলিউড অভিনেত্রী মৌবনী সরকারের বিয়েতে এক অনন্য চমক। গত মাসে চন্দননগরের পাত্র সৌম্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে না পারলেও নবদম্পতিকে পাঠিয়েছেন এক বিশেষ শুভেচ্ছা বার্তা, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
মৌবনী সরকার তার বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হতে না পারলেও একটি চিঠির মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়েছেন। মৌবনী তার ফেসবুকে সেই চিঠির ছবি শেয়ার করেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “মৌবনী এবং সৌম্য একসঙ্গে পথচলা শুরু করেছে। এই পথ যেন আরও সুন্দর হয়ে উঠুক এ কামনাই করি। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় জীবনকে এগিয়ে নিয়ে চলুক ওরা। সারাজীবন একসঙ্গে কাটাক, আগামী প্রজন্মকে নিয়ে ভালো থাকুক। ভালোবাসা ও শুভেচ্ছা।”
প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বার্তা পেয়ে আনন্দে আত্মহারা জাদুকরকন্যা। ফেসবুকে তিনি লিখেছেন, “এর থেকে আর খুশি কিছুতেই হওয়া যায় না। আমার এবং সৌম্যর বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালোবাসাসহ এই বার্তা পেয়ে ভীষণ খুশি।” তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও প্রণাম জানিয়েছেন।
বিয়ের পর চন্দননগরের অলিগলি ঘুরে দেখার পাশাপাশি এই দম্পতি ইতিমধ্যেই দার্জিলিং থেকে তাদের ‘মিনি হানিমুন’ সেরে এসেছেন। তবে তাদের আসল হানিমুন পরিকল্পনা আরও বড়। মৌবনী জানিয়েছেন, অদূর ভবিষ্যতে হানিমুনের জন্য তারা স্বপ্নের শহর প্যারিসে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন। আপাতত চন্দননগরের ছেলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।
বাংলাফ্লো/এফআইআর






