জেলা প্রতিনিধি
পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার না হতেই হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে আসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ভোর থেকেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন হয়ে থাকে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে।
এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল। গতকাল শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শনিবার ভোরে তাপমাত্রা আরও কমে ১১ ডিগ্রিতে নামায় শীতের দাপট অনেকটাই বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “টানা কয়েক দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে থাকলেও আজ তা ১১ ডিগ্রিতে নেমে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।”
বাংলাফ্লো/এফআইআর






