বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিঠির বিষয়টি প্রকাশ করা হয়।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, “আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি।”

চিঠিতে বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে তিনি লিখেন, “বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।”
শাহবাজ শরিফ চিঠির শেষে খালেদা জিয়ার ভবিষ্যৎ কর্মময় জীবনের জন্য দোয়া করে বলেন, “আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দোয়া করি, আপনি যেন আপনার দল ও মহান জাতির জন্য শক্তি ও দিকনির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।”
বাংলাফ্লো/এফআইআর






